Amyal TV
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩

লোডশেডিং হলেই হাওয়া, ২ মাসে মাদারগঞ্জে ২৬টি ট্রান্সফরমার চুরি

জামালপুরের মাদারগঞ্জে গত দুই মাসে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। একের পর এক ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে।

Amyal TV
৩ মিনিট পড়ুন

গত ২ জুলাই থেকে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় এসব ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জুলাই মাসে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে আরও তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি যাওয়া এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার চুরি করছে। তাদের প্রশ্ন, বিদ্যুৎ কখন যাবে এবং কতক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—এই তথ্য চোরেরা কীভাবে আগে থেকেই জানতে পারছে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কারও কাছ থেকে চোরচক্র এসব তথ্য পাচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর রাতে বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার কয়েলসহ মূল্যবান ধাতুর কারণেই এগুলো চুরি করা হচ্ছে।

ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমার স্থাপন করতেও সময় লাগছে। ফলে অনেক এলাকায় দিনের পর দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সাধারণ গ্রাহকেরা। স্থানীয়দের অভিযোগ, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য নির্ধারিত মূল্যের অর্ধেক টাকা গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়। একই ট্রান্সফরমার দ্বিতীয়বার চুরি হলে এর পুরো মূল্যও গ্রাহকদের বহন করতে হয় বলে অভিযোগ রয়েছে।

মাদারগঞ্জ পৌরসভার গ্রাবেরগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, গত ২৯ আগস্ট আশ্রয়ণ প্রকল্পের ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়। এরপর নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য তাঁদের অর্ধেক টাকা দিতে বলা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পারায় প্রকল্পের অন্তত ৪০টি পরিবার এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ট্রান্সফরমার চুরি প্রতিরোধে গ্রাহকদের সচেতন করা হচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গত প্রায় দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি একটি বিশেষ দল মাঠপর্যায়ে কাজ করছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সম্প্রতি উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। চুরি প্রতিরোধে রাতে পুলিশের টহল বাড়ানোর বিষয়ে থানার ওসির সঙ্গে কথা হয়েছে। ট্রান্সফরমার চুরি বন্ধে পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, লোডশেডিংয়ের সময়সূচি এবং বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের তথ্য যাতে কোনোভাবেই অপরাধীদের হাতে না যায়, সে বিষয়েও সতর্কতা প্রয়োজন। পাশাপাশি চুরি প্রতিরোধে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে বার সভাপতির এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের...

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান...