বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে আগুন লাগে।
স্থানীয়রা জানান, সকালে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও আশপাশের লোকজন আগুনের বিষয়টি বুঝতে পারেন। পরে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুটজাতীয় দাহ্য মালামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
