নিহত ব্যক্তির নাম মো. সোহাগ চৌধুরী (৩৫)। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, সোহাগ চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য চরজব্বর থানার পুলিশের একটি দল নবীর বাজার এলাকায় যায়। এ সময় দূর থেকে পুলিশের সদস্যদের দেখতে পেয়ে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে দৌড়ানোর সময় তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত সোহাগ চৌধুরীকে উদ্ধার করে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ওই পল্লি চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল নবীর বাজার এলাকায় গিয়েছিল। দূর থেকে পুলিশের সদস্যদের দেখতে পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি পড়ে গিয়ে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানতে পারে।
পুলিশ জানিয়েছে, সোহাগ চৌধুরীর বিরুদ্ধে থাকা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ অভিযান চালিয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হওয়ার পর তাঁর মৃত্যু হয়।
