Amyal TV
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য: মীর শাহে আলম

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি জ্বালানি খাতেও বিনিয়োগ করতে চায় দেশটি। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Amyal TV
৩ মিনিট পড়ুন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে সারাহ কুক বাংলাদেশকে যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তাপ্রাপ্ত দেশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। বিশেষ করে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ‘ওয়েস্ট টু এনার্জি’ খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি মডেলেও বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি টিম গঠনের কথাও বলা হয়েছে।

মীর শাহে আলম জানান, অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে। তাকে জানানো হয়েছে, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, তারা দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন করবে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্য কীভাবে একসঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এ সময় বর্তমান সরকারের অর্থবছরের মাস পরিবর্তনের সিদ্ধান্তেরও প্রশংসা করেন ব্রিটিশ হাইকমিশনার।

সাক্ষাতে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না—এ বিষয়ে জানতে চান সারাহ কুক। জবাবে তাকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে অনুষ্ঠিত হবে না। ফলে এ নির্বাচনে দলীয় মনোনয়ন কিংবা দলীয় প্রতীকও থাকবে না।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে না, তাই এখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রশ্নও আসে না। আইন অনুযায়ী যারা বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

তিনি বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থীদের তারা সমর্থন দেবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি যেন প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করে, সে বিষয়েও নির্দেশনা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো দলীয় অবস্থান নেবে না।

মীর শাহে আলম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকারের ভূমিকা হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করা। বৈধ প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তারা যাতে সুষ্ঠুভাবে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে জন্য স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা করবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে না, তাই আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব বৈধ প্রার্থীই নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন, সে বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে বার সভাপতির এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের...

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান...